November 10, 2019

কালি তুলির ইংকটোবার: INKTOBER Dhaka

চলছে ইংকটোবার ঢাকা, চারুকলার দূর্ধর্ষ সব তরুণ আঁকিয়েদের শোডাউন। শুধু কালি কলম তুলিতে এত চমৎকার কাজ করা যায় তা না দেখলে মিস হবে। গত বছর চারুকলার আঁকিয়েদের এই ইংকটোবার প্রদর্শনীতে গিয়েছিলাম তাই এবারেরটা যাতে মিস না হয় তাই প্রথমেই চারুকলায় গিয়ে এক দফা খুঁটিয়ে দেখে এসেছি আর দীর্ঘশ্বাস ফেলেছি। একাডেমিক আঁকাআঁকি না শিখতে পারার দুঃখটা এরকম দু একটা সময়ে বেশ বেড়ে যায়। কি চমতকার সব কাজ। আর সেই সাথে মাসের ৩১ দিন ৩১ টা আলাদা ড্রয়িঙের থিম বের করা সেটাও যথেষ্ট মুন্সিয়ানার কাজ। যাই হোক। এবারে কিছু ক্লায়েন্ট জবে এতই ব্যস্ত ছিলাম যে ইংকটোবারের ড্রয়িং করা হয়নি, করা হয়েছে বেশ কিছু স্টাডি। আর দেখা হয়েছে অন্যদের কাজ।

এই কর্মযজ্ঞের মূল উদ্যোক্তা চারুকলার দুর্দান্ত আঁকিয়ে প্রসূন হালদার। এরকম একটা আয়োজন করা আর সেই সাথে নিজেও আঁকা আসলেই যথেষ্ট কমিটমেন্টের ব্যাপার। তাঁর বাংলা সিনেমার পুরুষ তারকাদের (মহিলাদের কেন আঁকা হয়নি জানি না) পোর্ট্রেইট সিরিজি দুর্দান্ত ভাল হয়েছে, তাঁকে অভিনন্দন, অভিনন্দন  আরো কিছু অসাধারন কাজ করা হীরক (যথারীতি অরিজিনাল অনবদ্য বাংলার ভূত সিরিজি), রিদম (অসাধারণ স্টার ওয়ার্স সিরিজ), ফাহিম ইন্তেসার, ফাইয়াজ (তার করা লাস্ট ট্যুইস্ট দেখলে মজা পাবেন সবাই), মিশকাত, অরণ্য আবীর (NOR নিয়ে সিরিজ চাই), রিমঝিম (এই মেয়েটার কাজ খুবই অন্যরকম), জুবায়ের বিন আজিম (ভাংচুর সাইকাডেলিক রিক্সা আর্টিস্ট), তানভীর মালেক (এই ছেলে অনেক দূর যাবে), ফারিন (অত্যন্তু নিট কাজ, খালি ম্যাটেরিয়ালে আরেকটু অভ্যস্ত হওয়া বাকি), অঙ্গনা আহসানা (নিজের বিড়াল নিয়ে মৌলিক সিরিজ বেশ উপভোগ্য), অনামিকা (খুবই ভাল কাজ, সম্প্রতি আঁকা মাছের ছবিটাও দারুণ), অম্লান দাশ- আসলে নাম বলে শেষ করা কঠিন। আরেকজনের নাম না বললেই না, সাইফুল আলম সজল। তার নিজেকে নিয়ে সিরজিটা বেশ ভাল লেগেছে।

যাই হোক, লেখা পড়ে কাজগুলি কেমন তার কিছুই বোঝা যাবে না, কাজের প্রদর্শনীটা চলছে ধানমন্ডি ২৭ এর মাইডাস সেন্টার লিফট এর ৯ এ, EMK সেন্টার এ, ইভেন্ট লিংক এখানে । গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন বস আহসান হাবীব! সাথে ছিলেন চারুকলার শিক্ষক বিশ্বজিৎ স্যার। আর ওরকম একটা সুন্দর জায়গায় এই প্রদর্শনীর আয়োজন করে দিয়েছেন আশফাক ভাই। প্রদর্শনীটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

যেই যেতে চান একটাই সাজেশন, পারলে ব্যগ ট্যাগ ছাড়া যাবেন নচেত এয়ারপোর্টের ব্যাগেজ চেকিং এর মত একটা চেকিং এ পড়ে যাবেন। 

অভিনন্দন সবাইকে।






November 06, 2019

কার্টুন ফ্যাক্টরির এক যুগ

এ বছরটা ইচ্ছেকৃতভাবে বিভিন্ন ক্লায়েন্টকে বিলিয়ে দিলাম, আর কোন বছর এই পরিমাণ অন্যের প্রজেক্ট করেছি বলে মনে পড়ে না, গায়ের রঙের জন্য চোখের নিচের কালি কেউ দেখতে পাচ্ছে না বলে বোঝা যাচ্ছে না, মিতুকে দেখিয়ে বোঝাতে হচ্ছে যে অবস্থা কত খারাপ, সে চোখ বন্ধ রাখলে মনে হয় সানগ্লাস পরে আছে। যাই হোক, কাজ কর্ম শেষের দিকে, সামনের বছর অন্তত ৬ মাস ঘুরে বেড়াবো সেই কারণে আমাদের এই আত্মাহুতি। এর মাঝে হঠাত নাঈমের ফোন, ক্যাজুয়াল চুলের সিরিয়াস আর্কিটেক্ট কাম আঁকিয়ে নাঈম কার্টুন নিয়ে-আরো অনেক কিছুর মতই- বেশ সিরিয়াস, সে পাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন থেকে, সে ছাত্র থাকা অবস্থায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কার্টুন প্রেমী দলটা সম্পর্কে জানতে পারি ওর মাধ্যমেই। দলটার নাম 'কার্টুন ফ্যাক্টরি', এখন কী ব্যাপার? ব্যাপার হল তাদের ১২ বছর পূর্তি! শুনে টের পেলাম বুড়ো হয়ে যাচ্ছি, এই সেদিন মনে হয় শুনলাম এরকম একটা দল আন্তঃবিশ্ববিদ্যালয় কার্টুন দল আঁকাআঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তাদের কাজ কর্মও বেশ ভালো, আর এখন দেখতে দেখতে এক যুগ?? যাকগে, প্ল্যান কী? প্ল্যান হল প্লেনে করে আমি মিতু আর হালের ইলাস্ট্রেশন সেনসেশন ও আরেক আর্কিটেক্ট তীর্থ ভাই যাব সিলেটে। বলা যায় ঝটিকা সফরে। সকালে প্লেন, দুপুরে খাওয়া, বিকেলে প্রোগ্রাম রাতে শেষ করে ঘুম, পরদিন দুপুরে আবার রিটার্ন টু ধুলার শহর।

এর মধ্যে চলছে আমাদের আঁকান্তিসের কার্টুন কোর্স, আর অন্যান্য ক্লায়েন্ট কাজ জমা তো আছেই, তারপরেও ১২ বছর পূর্তি বলে কথা, তার ওপর কার্টুনের দল, না বলা কঠিন, সুতরাং হাবিজাবি সামলে ঠিকই অক্টোবরের ২৫, ২০১৯ সকালে আমাদের তিনজনকেই পাওয়া গেল বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালে, এর পরের ইতিহাস দুঃখের ইতিহাস, ছোট করে বললে সকাল ১১ টার প্লেন ছাড়ে ১টার পরে, কারণ প্রথম যে বিমানে উঠেছিলাম সেটায় যান্ত্রিক ত্রুটি ছিল, আবার অন্য বিমান না আসা পর্যন্ত সেখানেই শ' দুইয়েক যাত্রীকে বসে থাকতে হয়েছে, কারণ চাইলেই নাকি নেমে বিমান বন্দরের টার্মাকে হাঁটাহাঁটি করার উপায় নেই। সেটাও সমস্যা হত না, যদি বিমানে এসি ছাড়া থাকতো বা নিদেনপক্ষে জানালা খোলা যেত। ইঞ্জিন বন্ধ- তাই দুই ঘন্টা আমরা এতজন ঘামতে ঘামতে বিমানে ঠায় বসা। তাই বাসে বা ট্রেনে যাবার চাইতে কম কষ্টের হয়নি জার্নি।

সে যাক, বিমানবন্দরে নেমেই উষ্ণ অভ্যর্থনা কার্টুন ফ্যাক্টরি দলের, বিখ্যাত পাঁচ ভাই হোটেল দুপুরের জমজমাট খাওয়া দাওয়া, এর পর শাহজালালের গেস্ট হাউজে পাখির গোসলের মত স্কেলে পাখির বিশ্রাম সেরে সরাসরি অডিটোরিয়ামে। সেশন ভালোই হল, অবাক হলাম সবার ধৈর্য দেখে, আমি নিজে কার্টুন আঁকি কিন্তু এই তিন ঘন্টা টানা কার্টুন নিয়ে ভ্যাজর ভ্যাজর শোনার ধৈর্য্য আমার হবে না, এরা কার্টুন (অথবা আতিথেয়তা) নিয়ে খুবই সিরিয়াস , যাই হোক সেশনের আগে কার্টুন ফ্যাক্টরির কার্টুন প্রদর্শনী দেখে এসেছি আমরা, বাইরেই কাপড় ও চাটাই ঘেরা প্রদর্শনী, বেশ কিছু কাজ ভাল লাগল, কয়েকটায় বেশ পেশাদারী ছোঁয়া আছে। এভবে দশ বছর ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো যথেষ্ট কঠিন কাজ (নিজের অভিজ্ঞতা থেকে জানি), এতদিন এভাবে এতগুলি ব্যাচ ধরে এটা ধরে রাখাও কঠিন। একটা উত্তর পাওয়া গেল জেনে যে কার্টুন ফ্যাক্টরির প্রতিষ্ঠাত ও অন্যান্য সিনিয়র সদস্যদের মোট ৬ জনই এখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! সংগঠনের এতদিন চালু থাকার পেছনে এদের বিরাট অবদান আছে।

অভিনন্দন কার্টুন ফ্যাক্টরি! সামনের ১২ বছর আরো দারুণ কাটুক সেই কামনা রইলো।





গুরুগম্ভীর আলোচনা ১

লঘুগম্ভীর আলোচনা

প্রেম দৃষ্টি

ফ্যাক্টরির প্রদর্শনীর ভীড়



November 04, 2019

আঁকান্তিসের কার্টুন ড্রয়িং কোর্স

শুরু হচ্ছে আঁকান্তিসের কার্টুন ড্রয়িং কোর্স, এবারের কোর্সটি কার্টুন ফিগার ড্রয়িং নিয়ে, ফিগারের পর পর কার্টুন আঁকার অন্যান্য বিষয় যেমন ব্যাকগ্রাউন্ড, কার্টুন টাইপোগ্রাফি, ডায়ালগ বাবল ইত্যাদি সহ একটা কার্টুন কিভাবে ছাপার উপযোগী করা হয় সেটাও দেখানো হবে। আগ্রহীরা কমেন্টে দেয়া কোর্স কারিকুলাম দেখে নিন। আর যে কোন প্রশ্নে কল করুন 01859098777 নাম্বারে। আর সশরীরে এসে ভর্তি হতে পারেন আঁকান্তিসের পান্থপথ মোড়ের অফিসে

ক্লাস ২৯ নভেম্বার, ৬, ১৩, ২০ ডিসেম্বর (পর পর চার শুক্রবার)
ক্লাস টাইম সকাল ১১ টা থেকে বিকাল ৪ (১ টা থেকে ২ টা লাঞ্চ ব্রেক)
যোগাযোগ 01859098777


October 31, 2019

যেভাবে একজন বিরক্তিকর 'ফেইসবুক আর্টিস্ট' হবেন: ১ম ধাপ


১. যা-তা একটা কিছু এঁকে নিজের খোলা 'art of ...' পেইজে পোস্ট করুন, এর পর দেশে বিদেশে যত আর্ট গ্রুপ আছে সেখানে পেইজ থেকে শেয়ার দিন, সাথে লিখুন if you want to see more please like my page

২. স্ক্রল করুন আজ ফেইসবুকে কী ট্রেন্ড চলছে, সেটা নিয়ে কোনরকমে একটা কিছু দাঁড়া করান, ফটো ট্রেস করে আঁকলে আরো ভালো হয়, আর সাথে কিছু কান্না কান্না দেশপ্রেম বা উগ্র নীতিবাক্য লিখে দিন শেষে লিখুন- 'আমরা কি পারি না... ইত্যাদি ইত্যাদি'

৩. ড্রয়িং যেহেতু কোন বিষয় না সেহেতু সেটা বাদে আর সবই করুন, স্টাডির কোনই দরকার নেই, কোন একটা ড্রয়িং ট্রেন্ড ধরুন, ট্রেন্ড যাতে ছুটে না যায় সে জন্যে তাড়াতাড়ি নিজে যা পারুন তার চেয়ে ২০০% পঁচা করে একটা কিছু এঁকে পোস্ট দিন।

৪. এটেনশন পাবার জন্য-
  • বাথরুম নিয়ে ফান করুন।
  • নিজেকে স্মার্ট ও বিপ্লবী বোঝাতে যত গালি আছে সেগুলি ডায়ালগে রাখার চেষ্টা করুন।
  • রাজনীতি নিয়ে কোন রকম পড়াশোনা না থাকলেও সব রাজনৈতিক (ট্রেন্ডি) বিষয় নিয়ে একটা কিছু জোড়াতালি দিয়ে ছাড়ুন।
  • প্রচলিত জনপ্রিয় কৌতুক এঁকে নিজের নামে চালিয়ে দিন। 
৫. আঁকুন ১০% প্রচার করুন ৯০%।



September 03, 2019

আঁকান্তিসের ক্যারেক্টার ডিজাইন কোর্স

শুরু হতে যাচ্ছে শুধুমাত্র ক্যারেক্টার ডিজাইন নিয়ে আঁকান্তিস স্কুলের কোর্স, খুবই টু দ্যা পয়েন্টে কারিকুলামটা তৈরী করার চেষ্টা করা হয়েছে, আশা করি এবারের কোর্সটা একটু অন্যরকম হবে, দেখা যাক কী হয়।

August 28, 2019

প্রাগৈতিহাসিক কমিক্স

এস এস সি পরীক্ষা দেবার পরপর একটা কমিক্সের ড্রাফট করে ফেলেছিলাম ৬০ পেইজের। এবং তারপরে সেটা আর করা হয় নি বিভিন্ন কারণে, একটা বড় কারণ ছিল 'আরো ভালো করে করব' সেই ভালো করে করার কথা ভাবতে ভাবতে সময় চলে গেছে, একসময় সেটা হারিয়েও ফেলেছি, আবার মাঝে মাঝে খুঁজে পেয়েছি, রেখে দিয়েছি 'আরো ভালো করে করব' ভেবে। সেই ভালো করে করা আর হয়নি, মাঝে পঁচা করে করা হয়েছে অনেক কাজ, চলে গেছে অনেক সময়। কিন্তু সেই নিজের মত করে একটা অ্যাডভেঞ্চার গল্প আর লেখা হয়নি। শেষমেশ যখন বুঝতে পারলাম আমি আসলে ভালো করে আঁকতে বা লিখতে পারি না, আর সেটা ভালো করে বলতে আমি যেই-পৃথিবীর সেরা একটা কিছু করে ফেলবো-বলে ভাবছি তাও হবে না তখন যা পারি তাই দিয়ে নামিয়ে দেবার জন্য রেডি হলাম। এবং সেই সাথে কাকতালে মিলে গেল কিশোর আলো ম্যাগাজিনের পাভেল ও দীপ্র কর্তৃক মাসপ্রতি ধারাবাহিক 'একটা কিছু' করার প্রস্তাব। সুতরাং সেই প্রায় প্রাগৈতিহাসিক কমিক্সটা সেই আমলের ফ্রেমিং ও কিঞ্চিত টিনটিন ঘেঁষা আকারে শুরু হয়ে গেল, আগামী কিআ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে চলবে। আগ্রহীরা জোগাড় করতে পারেন।



August 22, 2019

Free WACOM gift from AKANTISchool by WACOMBD


আঁকান্তিস স্কুলের ইউটিউব চ্যানেলে শুরু হল ARTS BY RATS http://bit.ly/2P8YH4Q এর ডিজিটাল কালারিং টিউটোরিয়াল সিরিজ, হাতে এঁকে সেটা কিভাবে পিসি তে নিয়ে রঙ করা যায় আর কিভাবেই বা লাইট অ্যান্ড শেড দেয়া হয় সেটার পরপর তিনটা টিউটোরিয়াল হবে, টিউটরিয়ালগুলো আপ করা হবে প্রতি শুক্রবার। আর তার শেষে থাকছে দারুণ একটা GIVEAWAY। কাদের জন্যে? টিউটোরিয়াল অনুযায়ী এসাইনমেন্ট করে আঁকান্তিসের ফেইসবুক গ্রুপে যারা পোস্ট করবে তাদের জন্য, তাদের থেকে সবচেয়ে ভালো কাজ যার হবে সে পাবে RED APPLE 'র http://bit.ly/2zd6ljR পক্ষ থেকে একটি ওয়াকম ডিভাইস! আগ্রহীরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টায় ক্লিক করে রাখুন 

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...