April 30, 2020

Money Heist Berlin Caricature

AKANTIS এর ইউটিউব চ্যানেলে টানা এক বছর প্রতি সপ্তাহে ড্রয়িং টিউটরিয়াল আপ করেছি। ব্যাপারটা খুব একোটা সহজ না। কমিটমেন্ট অন্যের কাছে করলে সেটা হয় নিজের কাছে করলে সেটা রাখা কঠিন। তারপরেও দেখতে দেখতে জমে উঠেছে চ্যানেলটা। আর যত না শিখাচ্ছি, শেখা হচ্ছে তার চেয়ে বেশি।

সেদিন একোটা গিভ এওয়ে মানে কিনা স্বত্ত্ব ত্যাগ করে দান করা হবে এই মর্মে একটা কালারিং কন্টেস্ট ছাড়া হয়েছিল এখানে। দূর্দান্ত কিছু কাজ জমা পোরেছে যার বেশিরভাগই আমার চেয়ে ভাল কাজ! তাই ফিডব্যাক দূরে থাক জলদি বসে গিভ এওয়ে ক্যারিকেচার করা হল। সবচেয়ে ভাল এন্ট্রি ছিলো সালেহিন নাহীন নামের একজন যাঁর খুব পছন্দের চরিত্র মানি হেইস্ট সিরিজের বার্লিন ক্যারেক্টারটি। সেটার একটা ক্যারিকেচার চাই। সমস্যা হল আরো অনেক পপুলার সিরিজের মতি এটাও আমি দেখি নাই। তাই গুগল টুগল করে একটা জোড়াতালি আইডিয়া করে করে দিলাম এটা। 

April 29, 2020

Study


Sean Galloway নামের আঁকিয়ের কাজ স্টাডি করছি। কী অনায়াসে সহজ করে এনাটমিকে গ্রুপ করে আঁকেন। খেয়াল করলাম মিগনোলা বা ইনি আরো অনেকের মতই ওপরের পেশীবহুল অংশটা আরো ওজনদার বানাতে নিচের অংশ অনেকোটাই সরু করে ফেলেন, আসলে পুরোটাই ফর্মের কন্ট্রাস্ট সবসময়।
তাঁর কাজ দেখতে পারেন এখানে https://www.deviantart.com/cheeks-74
এখানে https://www.instagram.com/seangallowayart/?hl=en
আর এখানে http://mastersofanatomy.com/sean-cheeks-galloway

April 25, 2020

মানুষ নামের ভাইরাস


মানুষ নামের ভাইরাসটিকে প্রকৃতি সম্প্রতি তার ছোট্ট একটা টোটকা দাওয়াই দিয়ে ঘরে বসিয়ে রেখেছে। চারিদিকে আড়মোড়া ভাঙছে অন্যেরা। নিজেদের মহাবিশ্বের কেন্দ্র মনে করা মানুষেরা হঠাৎ টের পাচ্ছি আমাদের ছাড়া কারো কোন সমস্যা তো হচ্ছেই না বরং তারা যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। বাতাস পরিষ্কার হয়ে যাছে। পশুপাখিরা আগের চাইতে নির্ভয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সেদিন দেখলাম দক্ষিণ আফ্রিকার পিচ ঢালা রাস্তায় এক দল সিংহ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আরামে ছায়ার মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছে।

করোনা ভাইরাসের এই সময়টাকে আমি মনে করি মানুষের জন্যে তার আত্মার আয়নায় তাকানোর সময়। হঠাত করে আমরা টের পাচ্ছি যে আমরা নিজেরা বেশ কিছু কাল্পনিক নিয়ম টিয়ম বানিয়ে বসে আছি। কাজ করতে হবে, ছুটতে হবে, প্রডাকশন প্রফিট, শেয়ার বাজার, ভোগ লালসা, সম্পত্তি, আরো চাই, আরো চাই, দিল মাঙ্গে মোর- ইত্যাদি। বন্ধু বান্ধব পরিবার পরিজন ইত্যাদি ছাপিয়ে আমাদের মূল সময় আমরা দেই এমন কিছু কাজে যা- হঠাৎ করে টের পাচ্ছি- অত জরুরী না। অনেক কিছু ছাড়াও এখন আমাদের চলে যাচ্ছে। চলে যায়।

আসলে করোনা ভাইরাসের এই সময়টা আমরা যারা পেয়েছি তারা যথেষ্ট ভাগ্যবান, কারণ যারা মারা যাব তারা তো যাচ্ছি, কিন্তু যারা বেঁচে থাকবো বা আছি তারা কিন্তু দূর্লভ একটা সময় পেয়েছি। সাধারণত মৃত্যু কাছাকাছি এলে শেষ বয়সে মানুষের এই সময়টা আসে যখন আসলে সময় বলে আর কিছু থাকে না, কাছের মানুষ অনেকেই গত হয়ে যায়, কাজের শক্তি থাকে না। কী কী ভুল করেছি তা মাথায় আসে বটে কিন্তু কিছু করার থাকে না। এখন কিন্তু তা না। আমরা অনেকেই (বিশেষ করে তরুণরা)  একটা বড় সময় পাছি এসব নিয়ে ভাবার। মানুষের আসলে ঠিক কতটুকু কী প্রয়োজন তা বোঝার সময় এটা।

এই একটা সময়ে আমরা এটাও টের পেলাম যে পৃথিবীর মানুষ সব আসলে একই ধরনের। যাদের আমরা 'উন্নত'  মনে করি তারাও আসলে অত উন্নত না। তারাও গুজবে বিশ্বাস করে, তারাও আমাদের মতই দায়িত্বহীন। সেখানেও অথর্ব সরকার আর সমন্বয়হীনতা আছে। তাই আমাদের স্বপ্নরাজ্য দেশগুলি থেকে আমরা যতটা দূরে বলে আমাদের ভাবি বাস্তবতা তা না। সবার নিজের মত করে নিজস্ব অনেক সমস্যা আছে। বরং বাংলাদেশের মানুষ এখনো অনেকটাই মানবিক, ঘরোয়া ধরনের। আর এ সময়ে আমাদের সরকারের আন্তরিকতা মানুষকে যথেষ্টই ছুঁয়ে দিচ্ছে। সময় সুযোগ মিললে তাই নিজের দেশটার ভালোর জন্যে কাজে ঝাঁপিয়ে পড়ার এটা একটা দারুণ অনুপ্রেরণা হতে পারে।

ব্যক্তিগতভাবে আমার নিজের রুটিন খুব একটা পালটায় নি। সন্ধ্যায় পত্রিকা অফিসে যাওয়া বাদে বাকি সময়টা আমি এমনিতেও বাসাতেই থাকি। অনেকেই (বিশেষ করে 'ছেলে' দের) দেখলাম ঘরের কাজ করতে করতে নাকে চোখে পানিতে একাকার। এটাও একটা শিক্ষা যে ঘরের কাজ করা উচিত সবারই। এবং সেটা অন্যকে 'সাহায্য' করার জন্যে না। নিজের ঘরের কাজ নিজে করলে সেটাকে সাহায্য বলে না। সেটাকে বলে কাজ। 

মাঝে মাঝেই ফোনে (এখন তো আবার ভিডিও কলের যুগ) কথা হয় আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে, যাকে দুই চোখে দেখতে পারিনা তাকেও মিস করি, মনে হয় আহা এর সাথে যদি আর দেখা না হয়!  

ফোন দেই আমার জীবনের গুরু আহসান ভাইকে (কার্টুনিস্ট আহসান হাবীব), উন্মাদ এই চান্সে ডিজিটাল করা যায় কি না তা নিয়ে চারশ ছত্রিশতমবার আলোচনা চলে, মিরপুরের অবস্থা সবচেয়ে খারাপ এলাকার একটা হলেও মানুষজন সেখানে পিকনিকের আমেজে ঘোরাঘুরি করছে বলেন বস।

সেদিন হঠাৎ ফোন করলেন ধ্রুবদা' (ধ্রুব এষ)। পল্টনের ফ্ল্যাটে একেবারে একা আটকা পড়ে আছেন, সারাদিন জানালার পাশে বসে থাকেন। এই মানুষটা খুবই অন্য রকম, আমার কাছে মনে হয় একটা উড়ে যেতে থাকা আত্মা হঠাৎ মাটিতে থাকা একটা দেহে আশ্রয় নিয়েছে। তার আসলে এখানে এই পৃথিবীতে থাকারই কথা না। মহামারীর এই সময়ে চারিদিকে মানুষের ভাবলেশহীন ঘোরাঘুরি দেখে মাঝে মাঝে আঁতকে ওঠেন, খবর টবর দেখে আবার ঢুকে যান নিজের জগতে।

খবর যেখানে পণ্য সেখানে হয়েছে আরেক বিপদ। না চাইলেও খবর আর তার লেজ ধরে 'টবর' (ফেইক নিউজ), এবং তার সাথে ফোঁড়া হিসেবে অকালপক্ক গাঁড়লদের 'কমেন্ট' মানে কে কী বলল না বললো ইত্যাদি নিয়ে অকারণ মাথা গরম করে ঘুরছে সবাই। সত্যি বলতে এইসব যা নিয়ে আমরা মাথা গরম করছি তার নিরানব্বই ভাগেরই আমার জীবনে কোন ভূমিকা নেই, আমারও সেসব নিয়ে কিছু করার নেই। সবকিছুকেই একটা ভয়ানক সংকট হিসেবে উপস্থাপন করে মানুষকে বিপন্ন বোধ করিয়ে পণ্য বিক্রির মত এই খবর বিক্রি আমাদের মানসিক স্বাস্থ্যকে নষ্ট করছে। এত তথ্য আমার জানতে হবে কেন? যেটা প্রয়োজন নেই সেটাও আমি জানছি আর মাথা গরম করছি। এরকম কালবৈশাখী ঝড়ে উড়ে আসা পশলা বৃষ্টির মত তথ্যের বৃষ্টি মাথা নষ্ট করে দেবার জন্যে যথেষ্ট। যাচাই করার মত কোন ছাতা নেই মাথার ওপর। বয়স্কদের জন্যে এই ব্যাপারটা আরো ভয়ানক। হালে তাঁদের হাতেও চলে এসেছে 'স্মার্ট' ফোন আর সেই সাথে ফেইসবুক। সেখানে কোনটা আসলেই ঘটেছে আর কোনটা মিথ্যা সেটা যাচাই করা তাদের জন্যে আরো কঠিন। ফলে শেষ বয়সে তাঁদের একটা অকারণ উদ্বেগ বেড়ে যাচ্ছে। এর হাত থেকে রেহাই পাবার উপায় কি কে জানে! গুজব ভাইরাস আসল ভাইরাসের চাইতে খারাপ বস্তু। সেই ভাইরাসকেও থামাবার উপায় খুঁজতে হবে আমাদের।

সব শেষে প্রবল আতংকের এই সময়টাতেও আমি আমাদের জন্যে পজিটিভ অনেক কিছু দেখছি। কিছু মানুষের যদি কিছু উপলব্ধি হয়, যাদি তারা বোঝে মানুষের জীবনের উদ্দেশ্য টাকা বানানোই নয়, সম্পত্তি বানানোও নয়। জীবনটা ছোট, আমরা যা ভাবি তার চাইতেও অনেক ছোট। সেই সময়টা প্রিয় মানুষদের নিয়ে ভালো থাকাটাই আসল। প্রকৃতির অন্যান্য প্রাণিদের মতই আমরাও আরেকটা প্রাণি ছাড়া আর কিছুই না। অন্য প্রাণিদের বা প্রকৃতির কোন কিছুকেই নষ্ট করার বা কষ্ট দেবার কোন অধিকার আমাদের নেই। মানুষের প্রয়োজন খুবই সীমিত। অনেক কম নিয়েও ভালভাবেই থাকা যায়। অন্যের সাথে তুলনা না করে নিজের সর্বোচ্চ ভালটা চেষ্টা করে থাকলেই একটা সুখী জীবন পাওয়া যায়। এই সব কিছুর কিছুটাও যদি আমাদের বোধে আসে তো সেটা এই সময়টার জন্যে। হয়ত একটা সময় আমরা এই আপাত অমানিশার সময়টকে তার জন্যে ধন্যবাদই জানাবো।

March 24, 2020

করোনা টাইমে আর্টলাইফ বাকেট লিস্ট

করোনা সংক্রমণের সময়ে প্রায় সবাই বাসায় আটকা। একমাত্র ক্রিয়েটিভ একটা ছোট গ্রুপ ছাড়া বাকি সবাই কি করবেন খুঁজে পাচ্ছেন না, আমি মনে করি হাবিজাবি ফেইক, ক্লিকবেইট বিভিন্ন সব খবর স্ক্রল করে পড়ে পড়ে আর আতঙ্কিত হবার চাইতে বরং এইবেলা কি কী করা যায় এই সময়ে সেটা লিস্টি করে একে একে করে ফেলা বরং কাজের। প্রথমেই করোনার এই সময়ে একমাত্র মাথা ঠণ্ডা রাখার গ্রাফটা কি হবে তা তুলে দি' 

একটা বিপদ (এখন যেমন করোনা এটাক) ঘটেছে> এখানে কি আপনার কিছু করার আছে? 
হ্যাঁ> তাহলে সেটা করুন, ও অন্যদের করতে উৎসাহিত করুন। আমাদের আর্টিস্টদের যেমন প্রচুর সতর্কতামুলক কার্টুন, ড্রয়িং, পোস্টার করার আছে। তবে এ ব্যাপারে সঠিক তথ্য দেয়াটা খুবই জরুরী। পৃথিবীর সকলের কাছে স্বীকৃত সর্স ব্যবহার করুন এ ক্ষেত্রে।
আরেকট টিপস: অন্য কেউ কেন আমার মত করছে না এটা নিয়ে বিচার করতে বসবেন না, এতে কারোরই কোন লাভ নেই।

না> তাহলে সেটা মাথায় না নিয়ে নিজের কাজ করুন, অযথা সেই নেগেটিভ সংবাদটি ছড়িয়ে দিয়ে আর অসংখ্য মানুষ যাদের আপনার 
মতই এখানে কিছু করার নাই তাদের আরো আতঙ্কিত করবেন না।



আমি ধরে নিচ্ছি আমাদের যা করার আছে তা আমরা করছি, আমরা ঘরে বসে থাকছি, বিশ্ব সাস্থ্য সংস্থারকথামত নিয়ম মেনে চলছি। কিন্তু তারপর? তারপর আমার হাতে অফুরন্ত সময়। তাহলে এখন কী  করার আছে? আমি আঁকান্তিস গ্রুপে আজ একটা প্রশ্ন পস্ট করেছি, কার জীবনের আর্ট গোল কী? তিনটি পয়েন্টে তিনটি আর্ট গোল বলেছেন অনেকেই। দারুণ দারুন সব পয়েন্ট। বেশ কিছু তার মধ্যে বেশ কমন। তবে অনেকেই গোল বলতে একটু ওপেন আইডিয়া বলেছেন। যেমন- অনেক ভাল আঁকতে চাই। এটা আসলে গোল না, কারণ এটার শেষ নেই। গোল হবে একটা নির্দিষ্ট কিছু, একটা মাইল ফলক।
যেমন, আমি একটা এনিমশন সিনেমা বানাবো। আমি আফ্রিকা ভ্রমণ করে এসে একটা বই লিখব।
মানে দিন শেষে একটা প্রডাক্ট হতে হবে। এখন যাঁরা এমন প্রডাক্ট করবেন বলেছেন তাঁরা কিন্তু এই গোলটা অনেক দিন থেকেই বুকে পুষে আছেন, তাহলে প্রশ্ন হল কেন করা হচ্ছে না?

আমি নিজে সব জেনে বসে আছি আর আমার সব গোল পুরণ হয়ে গেছে এমন না, তবে এ পর্যন্ত আমি বেশ কিছু প্ল্যান নিয়েছি, এবং এ পর্যন্ত তার সব ক'টাই করেছি। সুতরাং আমি আমার প্রসেসটা শেয়ার করি। যে তিনটা মূল কারণে আপনার বাকেট লিস্ট শুরু করা হচ্ছে না তা এইরকম-

১. এখন তো পারিনা। পরে আরো ভাল করে করবো।
এটা অনেকটা- আমি যেহেতু সাঁতার পারি না, তাই পানিতে নামা ঠিক হবেনা, এই ধরনের বোকামো। এখন পারিনা, এটা বোঝা জরুরী। কিন্তু পরে নিজে নিজে সেটা পেরে যাবেন না। মনে করুন এনাটমি শিখবেন, তাহলে আজকে শুরু করুন! একটা খাতা নিন, যে কোন পছন্দের একটা সোর্স (ভিডিও বা প্রিন্ট বই) থেকে শিখুন। বিভিন্ন সোর্স থেকে একেকবার একেক রকম করে না শিখে একটা ফ্লো ফলো করুন। এক মাস এভাবে করুন, আপনার উন্নতি হবেই। এভাবে এগোতে থাকুন।

২. একবারেই সব করে ফাটায়ে ফেলতে হবে! সবাই চিনবে আমাকে!
এটা খুবই খুবই খুবই কমন একটা হাস্যকর পয়েন্ট। আমি একজন বেশ ভাল স্কিল্ড আঁকিয়েকে চিনি যিনি গত বছর পনের খালি আরো ভালো করে করবো ভেবে ভেবে তার কমিক্স আঁকেই নাই। এমনকি আমি যখন প্রথম আমার কমিক্স আঁকা শুরু করি সেটা দেখে সে খুবই বিরক্ত ছিলো যে এত কম স্কিল নিয়ে এরকম 'ট্র্যাশ' বের করার মানে নেই, একটা বিপ্লব ঘটাতে হবে, একটা চেইঞ্জ আনতে হবে। আজ ৭ বছর পর আমাদের ঢাকা কমিক্সের কমিক্স হয়েছে প্রায় ৮০ টা। এবং তার হাত ধরে ধরে বাংলাদেশে একটা কমিক্স কালচার শুরু হয়ে গেছে । কিন্তু সেই আঁকিয়ে এখনও 'ফাটিয়ে' ফেলার স্বপ্নেই আছে। এ ধরনের মানুষেরা শেষ বয়সে হয়ে যায় খ্যাটখ্যাটা বুড়ো। সবার ওপর বিরক্ত একটা মানুষ। এই দেশে কিছু হবে না, সবাই খারাপ-এরকম বুলি তাদের মুখের ডগায় থাকে সবসময়। নিজেকে এই করুণ জায়গায় না দেখতে চাইলে এই মূহুর্তে যা জানেন তার সর্বোচ্চ- আই রিপিট, এই মূহুর্তে যা জানেন তার সর্বোচ্চ দিয়ে কাজ শুরু করে দিন। প্রতিদিন আগের থেকে ভাল করুন। ফাটিয়ে ফেলার চিন্তা সরান। ট্রেন্ডি কাজ না করে নিজের সবচেয়ে আনন্দের কাজটা করুন। কারো পছন্দ হলে আপনি বিখ্যাত হবেন, কারো পছন্দ না হলে বিখ্যাত হবেন না কিন্তু নিজের আনন্দটা থাকবে। সবার আমাকে চিনতে হবে এটা যদি আপনার গোল হয় তবে আসলে সবাই একসময় চিনবে ঠিকই কিন্তু কেন চিনবে সেটা যারা চেনে তারাও বুঝবে না। এবং এই খ্যাতি উদ্বায়ী। কাজ থাকতে হবে বাজারে। 

৩. অন্যরা তো করে ফেললো
অন্যরা করে ফেলছে অন্যদের কাজ, আপনি করবেন আপনার কাজ। একটু পর পর আর কে কী করল সেটা দেখে দেখে দীর্ঘশ্বাস ফেলা। বেস্ট সাজেশন হবে অন্যদের কাজ যদি আপনাকে হতাশ করে তবে না দেখা! আর যদি কার কাজ আমাকে উৎসাহিত করে যে ওরকম ভালো করবো তবে দেখতে পারেন। অনেকেই আছে যারা এত বেশী অন্যের কাজ দেখে যে নিজে শেখার সময়ই বের করতে পারে না। মনে রাখবেন অন্য সবাই সব কাজ করে ফেলতে পারে কিন্তু পুরো পৃথিবীর কাছে একটা জিনিস নেই যেটা আপনার মধ্যে আছে, সেটা হলেন আপনি নিজে!

আপনি আঁকবেন আপনার মত। আপনি বলবেন আপনার মত। এ ক্ষেত্রে একটা সাজেশন হল নিজেকে আপনি যেখানে দেখতে চান, মনে করুন দশ বছর পরে আমি এমন একজন হব। আর গোছানো, আরো নিয়ম মানা, আরো হেলদি, আর সোশ্যাল, পোশাকে আশাকে সচেতন- আমি বিশ্বাস করি সবারই  মনের মধ্যে এরকম একতা কিছু আছে নিজেকে নিয়ে, তাহলে মনে করুন ওই দশ বছর পরের ক্যারেক্টারটার একটা স্ক্রিপ্ট লিখে আপনার হাতে ধরিয়ে দিলাম আজ, বললাম আপনি ওই চরিত্রে এবারে অভিনয় করুন! দেখন দিন বিশেক এভাবে চলে। আপনি নিজের ভবিষ্যত পার্সোনালিটির ভুমিকায় এখন থেকে অভিনয় করা শুরু করে দিন। এটা খুবই দ্রুত আপনাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, বিশ্বাস না করলে শুরু করে দেখুন। 

যাই হোক, করোনা সময়ে একটা কাজ চালু করতে চাই, যে যার নিজের একটা আর্ট গোল নিয়ে কাজ শুরু করুন। শর্ত হল
১. টানা ২৪ দিন করতে  হবে
২. প্রতিদিন আগের দিনের চাইতে একটু ভাল করতে হবে/ একটু বেশী শিখতে হবে
৩. পোস্ট করুন আঁকান্তিসে #Myartgoal লিখে। 
তাহলে শুরু হোক!


March 22, 2020

করোনা সতর্কতা কার্টুন: Behind the scene


সারা পৃথিবী এখন একটা শব্দতে আটকে আছে, 'করোনা'।
এই নামের ভাইরাসটি ইতিমধ্যে দশ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে, আর অবিশ্বাস্য দ্রুত গতিতে সেটা ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীতে। এর থেকে কিছুটা হলেও রক্ষা পাবার একমাত্র উপায় হল একজনের সাথে আরেকজনের ছোঁয়া এড়িয়ে চলা। সেটা করতে গিয়ে সবথেকে নিরাপদ হল নিজেদের বাসায় আটকে ফেলা। যে মানুষটা সহসা বাসায় সময় দিতে পারেনি, কাজের জন্যে পরিবারের অনেকের সাথে দেখাও হত না, সেও এখন বাসায় আটকা। এ ছাড়া আর খুব বেশি কিছু মানুষের করার নেই, কারণ এই লেখাটা লেখা পর্যন্ত এই ভাইরাসের কোন কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হয় নি। 

আমার এমনিতেই বেশ ক'দিন ধরে সিজনাল ফ্লু চলছিলো, এমন সময় এই ভাইরাস ভাইরাল হওয়াতে বাসায় নিজেকে আটকে ফেললাম বাসায়, যদিও দুটো বড় প্রজেক্ট চলছে সমান্তরালে, তারপরেও যেহেতু সারাদিনই বাসায় আছি তাই কিছু এক্সট্রা সময় বের করাই যায়। ক'দিন টানা কিছু করোনা সতর্কতামূলক কার্টুন এঁকে ফেললাম। প্রথম আলোতে তা ছাপাও হল। সেই ড্রয়িংগুলি কিভাবে করা হল তা ছবি তুলে রেখেছিলাম, এবারে এখানে তুলে দিচ্ছি।

যে কোন ক্যারেক্টার ড্রাফট আমি এখনো খাতায় করি। এটা আমার বেশ প্রিয় সাশ্রয়ী নিউজপ্রিন্ট খাতা,
আর সাথে আছে পাইলট কম্পানির 6B Croquis লিড পেন্সিল, তবে যে কোন পেন্সিলেই আঁকা যায়।

রাফ ক্যারেক্টার আইডিয়া। করোনা সতর্কতা মেসেজগুলি ছোটদের মাঝে কিছু বাচ্চা সুপারহিরোদের দিয়ে বলানোর আইডিয়া।
সব নাম ও ক্যারেক্টার ও নাম শেষ পর্যন্ত যদিও এরকম ছিলো না।

মোটামুটি আইডিয়া নিশ্চিত হবার পরে সেই হাতে আঁকা ড্রাফট পৃষ্ঠাতা স্ক্যান করা চলছে। রেজোলিউশন ৩০০ তে রাখলেই চলছে।

আমার সবচেয়ে কম ব্যবহৃত ড্রয়িং ডিভাইস সিনটিক। এটায় কিছুক্ষণ আঁকলেই আমার কাঁধের ব্যাথাটা বাড়ে তাই কম আঁকা হয়। এমনিতে ভাল জিনিস।

ফাঁকতালে কাজের জায়গাটা দেখাই। মূল কাজের টেবিল দূরে দেখা যাচ্ছে।

স্ক্যান করা পেন্সিল রাফ সরাসরি এবারে ক্লিপ স্টুডিওতে খুলে নিলাম।

একটা ক্যারেক্টার আলাদা করে লেয়ারে নিয়ে সেটার ওপাসিটি কমিয়ে নিলাম।

এবারে সরাসরি ইংক না করে আমি আরেকটা লেয়ারে কিছু ঠিকঠাক করে একটা ক্লিন পেন্সিল করে নেই। নইলে পরে প্যাঁচ লাগে।

পছন্দের পেনে ইংক।

ব্যস, এবারে ইচ্ছামত কালার।

সব ক্যারেক্টার।

প্রথম আলোর গোল্লাছুট পাতায় মাহফুজ রহমানের দারুণ ছড়ার সাথে মিলে যেভাবে ছাপা হল পরে।

ক্যারেক্টার ডিজাইনগুলি ইচ্ছে করেই খুব সিম্পল করে করার কারণ হল সদ্য শেখা এনিমশনের কিছু জ্ঞান ফলানোর ইচ্ছে।
MOHO নামের সফটওয়ারে নিয়ে একটা ক্যারেক্টার এবারে ট্রেস করছি ভেক্টর লেয়ারে। চাইলে র‍্যাস্টারেও করা যায় যদিও।

BONE RIGGING

টুকটাক ভয়েস ও এনিমশন যোগ করার পর এক্সপোর্টিং।

বেড়াছেড়া ভাবে যা দাঁড়াল তা এই।


কাজ যেমনই হোক করে বেশ আনন্দ পেয়েছি, আর তার চেয়েও বেশি ভাল লেগেছে যে এই সব ম্যাটেরিয়াল আপ করার পর বেশ কিছু সংগঠন নিজ যোগাযোগ করেছে মূল ফাইলগুলির জন্যে। সেগুলি প্রিন্ট করে বিলানোর জন্যে। এরকম আরো কেউ থেকে থাকলে তাঁদের জন্যে মূল ফাইলগুলি এখানে তুলে দিলাম- 


সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ভাল থাকুন।

February 22, 2020

আঁকাআঁকি করে সহজে টাকা আয় করার ৫ টি টিপস

১. ভাব আনুন


প্রথম কাজ, আপনি যে আর্টিস্ট এটা দেখেই বোঝা যেতে হবে, এর জন্যে যা যা করতে হয় করুন, চুল থাকলে ন্যাড়া করে ফেলুন, না থাকলে পরচুলা পরে ফেলুন, পারলে হাত দিয়ে উলটো হয়ে হাঁটুন, সোজা কথা এমন কিছু করুন যা 'সাধারণ' মানুষ করে না। ছেলেদের খোপা, কানে দুল ইত্যাদি পুরোনো হয়ে গেছে, নতুন ট্রেন্ড নিয়মিত নেটে ঘাঁটুন। এইরকম একটা 'ভাব' আনতে পারলে প্রথম কাজ হাসিল, ক্লায়েন্ট আপনাকে দেখেই মনে মনে ভেবে রাখা কাজের রেট বাড়িয়ে দেবে, ভাববে- বাপরে এর বিল না জানি কত হবে।

টিপস: বেশিদিন এক গেটাপে থাকবেন না, ট্রেন্ড দেখুন, এবার সেটার চেয়ে আলাদা কিছু করুন। হয়ত ট্রেন্ড চলছে গোল ফ্রেমের মোটা চশমা ফ্রেম, আপনি চশমা রাখুন, মোটা ফ্রেমও রাখুন কিন্তু পরুন ত্রিভূজ ফ্রেম। গ্যারান্টি যে একবার আপনাকে এভাবে দেখবে, সারাজীবন বলবে- ওই আর্টিস্ট ওই যে তিনকোণা ফ্রেমের চশমা পরে?

২. ক্রস-সেলফি নেটওয়ার্কিং


নাম শুনে ঘাবড়ানোর কিছু নেই, এটা সবচেয়ে সহজ, আবার সবচেয়ে বেশি কাজের। কোন মতে কোন একটা এমন প্রোগ্রামে যাবার ব্যবস্থা করুন যেখানে নিদেন পক্ষে উপর তলার দুই কি একজন সেলিব্রেটি আসবে, সে আপনার সেক্টরের না হলে আরো ভালো। এরপর তক্কে তক্কে থাকুন সে/ তারা কখন আসে, পেলেই খপ করে ধরে টপ করে ডজনখানেক বিভিন্ন সেলফি তুলুন, সাথে সাথে পোস্ট দিন খুব ভেবে চিন্তে, আপনি তাঁর বিরাট ফ্যান ও আজ দেখে ধন্য হয়ে গেছেন- ভুলেও এমন করে না, পোস্ট দিন এমনভাবে যেন আপনারা অনেক আগের পরিচিত আজ অনেকদিন পরে একত্রে এই প্রোগ্রামে দেখা হয়ে গেছে।

প্রথম কাজ শেষ। এটা পোস্ট করার সাথে সাথে দেখবেন ওই সেলিব্রেটির ফলোয়ার ও ফ্রেন্ডসরা আপনাকে তাদের গুড বুক নিয়ে আসবে। ফলে ওই সেলিব্রেটির সমান সমানে যারা আরো সেলিব্রেটি আছে/ন তারা পরের বার আপনাকে দেখলে একেবারে অচেনা মনে করবে না। তুলনামূলক সহজে এদের সাথেও সেলফি তোলা যাবে। মানে এই জিনিসটা একটা গুণোত্তর ধারায় বাড়তে থাকবে, দিনে দিনে আপনার সেলিব্রেটি বন্ধু বাড়তে থাকবে ও কেউ আর মনে করার চেষ্টা করবে না যে আপনি আসলে কী করেন, সবাই জানবে আপনিও একজন সেলিব্রেটি, সুতরাং যেই কাজই করেন না কেন রেট হবে হাই।

এটা বোঝার জন্যে একটা পুরোনো কৌতুক তুলে দেয়া যাক-
বাবা বিবাহযোগ্য ছেলেকে বললেন, ‘বেটা, তুমি কিন্তু আমার পছন্দমতো মেয়েকে বিয়ে করবে।’
ছেলে বলল, ‘কক্ষণো না।’
বাবা বললেন, ‘করো। কারণ, মেয়েটা আর কেউ নয়, সে হলো বিল গেটসের মেয়ে।’
ছেলে বলল, ‘তাহলে আমি রাজি হতে পারি।’
বাবা গেলেন বিল গেটসের কাছে, ‘আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে।’
বিল গেটস বললেন, ‘হতেই পারে না।’
‘হতে পারে, কারণ সে বিশ্বব্যাংকের সিইও।’
‘আচ্ছা, তাহলে ঠিক আছে’—বললেন বিল গেটস।
বাবা গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে, ‘আমার ছেলেকে আপনার ব্যাংকের সিইও বানাবেন।’
‘প্রশ্নই আসে না।’
‘আসে। কারণ, সে বিল গেটসের জামাতা।’
‘ওকে। তাহলে হতে পারে।’
এর নামই ফেইক ক্রস প্রোমোশন।

টিপস: যেই যেই সেলিব্রেটির সাথে ফটো তুলেছেন তাঁদের একটা ভাল দেখে ফটো নামান, ডিজিটালি সেটা একটু এদিক ওদিকে করে, ছাপ দিয়ে কিছু একটা এঁকে পোস্ট করুন, ও অবশ্যি তাঁকে ইনবক্স করুন। সেলিব্রেটি চয়েজের ক্ষেত্রে খুব সাবধান, পুরান কালের মরা সেলিব্রেটি না, যাদের ফ্যান ফলোয়ার অসংখ্য তাঁদের ভেবে চিন্তে বাছাই করুন। যারা আপনার এই 'ছাপচিত্র' আঁকাটি শেয়ার করলে হবে বিরাট প্রচার।
কেউ একেবারে আঁকতে না জানলেও ক্ষতি নেই, এই নিন টিউটোরিয়াল
 

৩. বিদেশ যাত্রা


এটা বেশ কঠিন, কিন্তু এটা লাগবেই। কোনভাবে আপনার সেক্টরের সাথে সরাসরি মিলুক না মিলুক কাছাকাছি ধরনের কোন একটা প্রোগ্রামের দাওয়াত জোগাড় করুন, সাধারণত: আপনার সেই ক্রস প্রোমোশন সেলফি ধাপের থেকেই কেউ না কেউ আপনাকে এমনিতেই জানাবে যে এমন একটা বিদেশ যাত্রা প্রোগ্রাম আছে, আমি আর কাউকে তোমার মত চিনি না, তুমি কি যাবে নাকি? ঘটি বাটি বেচে হলেও আপনাকে এটা করতেই হবে। কারণ এই ট্যাগটা যদি একবার আনতে পারেন যে আমার কাজ যেমনই হোক না কেন তোমরা যতই হাসো না কেন, বিশ্বের অন্যান্য দেশে আমি বেশ দামী মানুষ, আমাকে তারা দাওয়াত দিয়ে নিচ্ছে। সিনেমার ক্ষেত্রে যেমন দেশে কেউ দেখুক না দেখুক কোন না কোন একটা বিদেশী এওয়ার্ড আমার ব্যাগে আসলেই আমি ভাল সিনেমা বানাই এইরকম একটা ব্যাপার আছে, আপনার সেক্টরে যেহেতু মানুষ আরো কম খবর রাখে এখানে এতে কাজ আরো বেশি হবে।

টিপস: ভুলেও এ ধরনের কোন প্রোগ্রামের খবর পেলে কারো সাথে জানানো যাবে না, আগে নিজের যাওয়া নিশ্চিত করে যাবার দিন সকালে ভেবে চিনতে স্ট্যাটাস দিন যে আপনি আসলে এটা ডিজার্ভ করেন না কিন্তু দেশের জন্যে দেশের হয়ে কথা বলার সুযোগ পেয়ে আপনি ধন্য।

৪. গ্যাজেট


যতই আউলা চলেন না কেন, কেয়ারফুলি কেয়ারলেস ভাবের সাথে থাকুক না চটের ব্যাগ, বস্তার প্যান্ট। অবশ্যই আপনার সেই ব্যাগে থাকতে হবে দামী কিছু গ্যাজেট। হালে চলছে আইপ্যাড, সার্ফেস প্রো। ইত্যাদি যদি ক্লায়েন্ট বা সম্ভাবনাময় ক্লায়েন্টদের সামনে একবার বের করতে পারেন তো কেল্লাফতে। ভাব দেখান কাউকে দেখাতে বের করেন নি, আপনি ছোটবেলা থেকে আইপ্যাডে স্টাইলাস দিয়ে এঁকেই আঁকতে শুরু করেছেন। আপনার রেট বাড়বেই গ্যারান্টি!

টিপস: যথাসম্ভব ট্রেন্ডি থাকুন। বছর বছর আপডেট করুন এই গ্যাজেট। মনে রাখবেন এটা আপনার একটা ইনভেস্ট।

৫. একটু একটু বিপ্লব যোগ করুন


রাজনীতি, ইতিহাস পাঁতিহাস বোঝার কোনই দরকার নেই, পড়াশোনা করা মানে সময় নষ্ট। খালি খেয়াল রাখুন এখন সোস্যাল মিডিয়ার মৌসুমী বিপ্লবের বাতাস কোনদিকে। সেটা ঘেঁটেঘুঁটে একটা কিছু বানান ও পোস্ট করুন। আস্তে আস্তে লোকাল বিপ্লবের প্যাটার্ন বুঝে গেলে ফান্ড আছে এমন বিপ্লব নিয়ে কাজ করে যান, ফান্ড নিজে এসে আপনার দরজায় কড়া নাড়বে।

টিপস: বাংলাদেশের লোকাল রাজনীতি বা ধর্ম নিয়ে ভুলেও কিছু করবেন না। বিশেষ করে সরকারের বিরুদ্ধে তো নয়ই, টার্গেট করুন অলরেডি ফাঁপড়ে আছে এমন কোন নির্বিষ কাউকে। 

এই ৫ টি ধাপ অনুসরণ করলে সর্বোচ্চ ৩ বছরেই আপনি হয়ে যাবেন একজন বিখ্যাত আর্টিস্ট। আঁকাআঁকি? সেটা শিখতে হলে আবার দেখে নিন ধাপ ২ এর ইউটিউব টিউটোরিয়ালটি।



December 29, 2019

বিদায় ২০১৯

বছর চলে যাচ্ছে সময়ের চেয়ে দ্রুত। এই ব্লগ শুরু করলাম মনে হয় এই সেদিন, দেখতে দেখতে ৯ বছর চলে গেল! উপলব্ধি হচ্ছে মানুষের কাজের সময় এই পৃথিবীতে আসলে খুব বেশী না, যাবার আগে তাই কিছু দাগ রেখে যাই। এ বছরে কিছু দাগাদাগি তুলি দি'

বলে নেওয়া ভাল এ বছর প্রায় গোটা সময়টা বিভিন্ন এন জি ও এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্যে দিয়েছি। একটা কারণ ছিল অনেকদিন পর পুরোনো নেটওয়ার্ক ঝালিয়ে নেওয়া আর মূল কারণ অবশ্যই অর্থনৈতিক ঃপ, যে সব মনে পড়ছে তার কয়েকটা সম্ভবত আগেও শেয়ার করেছি, দ্বিতীয়বারের মত দিয়ে থাকলে দুঃখিত-

১. রোহিঙ্গা শিশুদের পাঠ্যবই
এ বছরের সবচেয়ে বড় প্রজেক্ট করেছি রোহিঙ্গা শিশুদের পাঠ্যবইয়ের মূল অলংকরণ। ইউনিসেফ থেকে কক্সবাজার এডুকেশন নামে এই একাডেমিক প্রজেক্ট বেশ বিরাট আকারের ছিল। আক্ষরিক অর্থেই হাজার হাজার ড্রয়িং। আমাদের টিমে ছিল নাসরীন সুলতানা মিতু (আমাদের মধ্যে একমাত্র একাডেমিক মানুষ ও সেই সাথে কার্টুনিস্ট), ছিল রোমেল বড়ুয়া (পরিপাটি পেশাদার কার্টুনিস্ট), সব্যসাচী চাকমা ('জুম' আঁকিয়ে), কার্টুনিস্ট হাসিব কামাল, এ সময়ের কুংফু কার্টুনিস্ট আসিফুর রহমান (চার হাত পায়ে দুর্দান্ত এঁকে যাচ্ছে)। মানে সব মিলে দারুণ একটা টিম। আঁকার পরিমাণ বললে একটা ধারনা হতে পারে, আমি একা এঁকেছি ১৫ টা বই, গড়ে সেগুলিতে ১৫ পৃষ্ঠা অলংকরণ, এবং ডেডলাইন ছিল অবিশ্বাস্য কম। কারণ রোহিঙ্গা শিশুরা যেহেতু আন্তর্জাতিক রাজণৈতিক জটিলতায় চাইলেও আমাদের দেশের পাঠ্যবই পড়তে পারবে না সেহেতু তাদের মত করে তাদের ভাষা ও ইংরেজীতে নতুন বিশেষ পাঠ্যবই না করা পর্যন্ত তারা পড়াশোনা করতে পারছে না, তার মানে লক্ষ লক্ষ শরণার্থী বাচ্চাদের শিক্ষাজীবন অনেকটাই নির্ভর করছে আমরা কত তাড়াতাড়ি বইগুলি আঁকা ও ডিজাইন করে প্রিন্ট রেডি করে দিতে পারবো তার ওপর! এর চেয়ে বড় মোটিভেশন নেই, বেশ চাপ নিয়ে কাজ করেছি সবাই। কিন্তু সব শেষে অন্য একটা আফসোসও ছিল- বাংলাদেশের আমরা কিন্তু এত দারুণ বই পাই না। রোহিঙ্গা বাচ্চাদের জন্যে তার চেয়ে বহুগুণে মানসম্মত পাঠ্যবই করা হয়েছে ইউনিসেফের তত্ত্বাবধানে। আঁকার কথা বলছি না, পাঠ্যপুস্তকের মানও বেশ ভালো, গল্পের মত করে ছোট বাচ্চাদের দারুণ কিছু মেসেজ শেখানো। আমরা স্বপ্ন দেখি একদিন আমাদের দেশেও তা হবে, হতেই হবে।
দুঃখজনক হল এখনো পর্যন্ত সেই পরজেক্টের কোন ছবি আমরা কোথাও দেখাতে পারছি না চুক্তির কারণে, সময়মত কোন একদিন শেয়ার করা যাবে আশা করি।

২. দুর্যোগ মোকাবিলা কমিক্স
এর পর কয়েকটা কমিক করা হয়েছে, এবং এবারে একটা নতুন প্রসেসে কাজ করেছি, মূল স্টোরিবোর্ড ও গল্প লিখে ইংকিং আর কালারিং করতে দিয়েছি তরুণ কার্টুনিস্টদের, এবং তারা বেশ ভাল কাজ করেছে। যেওম একটা ছিল এডুকো প্রতিষ্ঠানের, বাচ্চাদের জন্যে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি নিয়ে করা একটা কমিক্স, পিয়া ও দৈত্য, ক্যারেক্টার শিট আর অন্যান্য স্টাইল গল্প সহ ধরিয়ে দেয়া হল চট্টগ্রামের ডাক্তার ও কার্টুনিস্ট নাইমুর রহমান মাহিরকে। সে বেশ দ্রুত নামিয়ে দিল গোটা কমিক্স! দুই এক পেইজ দেয়া হল-





৩. বন্যা সতর্কতা কমিক্স 
এরপর করা হয়েছে মুসলিম এইডের কমিক্স ও ফ্লিপ কার্ড-


৪. RIC বর্জ্য ব্যবস্থাপনা কমিক্স


৫. স্টোরিবোর্ড Friendship Hospital-








৬. পুষ্টি কমিক্স 
এবং শেষ মুহুর্তে আরেকটা বিরাট কমিক্স পরজেক্ট চলে এল, এবং কাজও ৯৫% শেষ সেটা হল BRAC এর ৬ টা কমিক্স যথারীতি আমি গল্প ও স্টোরিবোর্ড করে অন্যদের পাঠিয়ে দিলাম আর অতি দ্রুত তারা এঁকে শেষ করে দিল সব বই, আসলে এখন যারা কাজ করছে তারা অনেকেই বেশ প্রফেশনাল ও ভাল কাজ করছে। এই টিমে ছিল- আসিফুর রহমান (ওর গল্পটা ওরই লেখা), রোমেল বড়ুয়া, হাসিব কামাল, সব্যসাচী চাকমা পোলো, নাইমুর রহমান মাহির ও রাকিব রাজ্জাক। দারুন উপভোগ করেছি এই সিরিজটা, অনেক ক্যারেক্টার আর অনেক মজার মজার গল্প লেখার সুযোগ ছিল, আশা করি এটাও ভাল একটা কাজ হয়ে থেকে যাবে আমাদের পোর্টফোলিওতে।





আসিফ

রোমেল

সাব্যসাচী চাকমা

রাকিব রাজ্জাক

মাহির

হাসিব
তো মোটামুটিভাবে এই ছিল ২০১৯, এ ছাড়া ঢাকা কমিক্সের অন্যান্য ব্যবসাপাতি, হাবিজাবি, আর নিজের কমিক্স বইয়ের কথা বলা হলো না, সেগুলি অচিরেই আসছে ফেব্রুয়ারি বইমেলায় আমাদের ঢাকা কমিক্স স্টলের বরাতেই জানিয়ে দেয়া হবে। তার আগে পর্যন্ত এটুকুই থাকলো, সবাইকে অগ্রিম Happy New Year!

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...