March 15, 2017

Going back to traditional

ডিজটালি আঁকতে আঁকতে ট্রাডিশনাল আঁকার বেশ কিছু জিনিস মিস করি ইদানীং- যেমন: হ্যাপি এক্সিডেন্ট। ডিজিটালি যে একসিডেন্ট হয় না তা না। তবে সেটা আনহ্যাপি। বইমেলায় যেমন এরকম অনেক গুলি আনহ্যাপি এক্সিডেন্ট ঘটেছে। উন্মাদের ৭৪ পৃষ্ঠার কমিক্স ডিজিটাল এক্সিডেন্ট (আমার দোষ আছে সাথে একটা ভাইরাস সাহায্য করেছে) ঘটে ভুল ফাইল ২০০০ কপি প্রিন্ট হয়ে গেছে। 
যাই হোক, দুইটা জিনিস চেষ্টা করছি, 

১. লাইট আর কালার বোঝা, এজন্যে পড়ছি James Gurney'র Color and Light

২. রঙ: পিগমেন্ট- কিভাবে একটা আরেকটার সাথে মেশে আর অসংখ্য অন্য রঙ তৈরী করে সেটা সেখার জন্য তেল রঙ কিনেছি। 

এই বছরটা লেভেল আপ এর চেষ্টা করে যাব। শেখার বদলে খালি এঁকে যাচ্ছি বিভিন্ন প্রজেক্ট। এটা কোন কাজের কথা না :/

March 13, 2017

কার্টুন কোর্স


এ বছরের আঁকান্তিস স্কুলের কার্টুন কোর্স শুরু হচ্ছে। এই সময়টা দারুণ উপভোগ করি। নিজে যা জানি সেটা ঝালাই করা আর অন্যদের কাজ আগের থেকে ভাল করতে একটা আনন্দ আছে। সারাবছর অসংখ্য মানুষ কবে আবার কার্টুন কোর্স হবে, কেন হচ্ছে না ইত্যাদি বলে বলে মাথা ধরিয়ে ফেলে। মজার ব্যাপার হল কোর্স শুরু হলে এই গ্রুপটা একেবারে চুপ মেরে যায়। আর সত্যিকারে ভর্তি হয় একেবারেই অচেনা অনেকে। ব্যাপারটা মজার।


March 12, 2017

মাহশীদ আর ভল্লুক

আমার পিচ্চি ভাগ্নি মাহশীদ ছোটবেলা থেকেই 'মাশা এন্ড দ্যা বিয়ার' নামের একটা কার্টুন শো দেখে বড় হচ্ছে। সে জন্মসূত্রে আমেরিকান, থাকে ভার্জিনিয়া স্টেট এ। তাই সে বাংলা বলবে না ইংরেজী বলবে এই নিয়ে আমরা কম বেশী ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু দেখা গেল সে বলা শুরু করেছে রাশিয়ান! কারণ সেই কার্টুনটা রাশান ভাষার। তো সেই মাহশীদের এই গত ফেব্রিয়ারিতে জন্মদিন গেল। এত দূর থেকে কী আর করা যায় ভেবে হুট করে মাথায় এলো একটা চিলড্রেন বুক এঁকে দেই না কেন? আগে একবার আরেক ভাগ্নি মানহার জন্যেও এঁকেছিলাম যেমন। সেই ভাবে একটানে কোন রকম ভাবনা চিন্তা বা ড্রাফট ছাড়াই নামালাম 'মাহশীদ এন্ড দ্যা বিয়ার' সেই বই পেয়ে সে মহাখুশী। আপু জানালো সেই বই প্রিন্ট করে তার প্লে গ্রুপের ক্লাসের সবাইকে বিলানো হয়েছে। সে মোটামুটি ভাবের ঠেলায় অস্থির। তার মামা একটা বই এঁকে দিয়েছে যেটার মূল চরিত্র সে, তাকে আর পায় কে।
বেচারা একা একা বিদেশে বড় হচ্ছে, হাতের কাছে পাচ্ছি না, ভাবছি প্রতি বছর অন্তত একটা বই এঁকে পাঠাবো। হোক সেটা যতই তাড়াহুড়োয় করা।
ভালো থেকো মাহশীদ।।

















Mahsheed and MAMA

March 10, 2017


একটা ভাল খবর, আমার একটা কার্টুন পর্তুগালের আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় নির্বাচিত ও প্রদর্শিত হয়েছে। ৩৬ টা দেশের মধ্যে বাংলাদেশের নামটা দেখত ভালই লাগছে :) কার্টুন আর প্রদর্শনীর পোস্টার এটাচমেন্ট এ দিলাম, আর ইভেন্ট এর লিংক এখানে http://bit.ly/2mNKTx6

March 08, 2017

ফেইসবুক এর যুগে আর্টিস্টদের সংকট


আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ আমি যখন কার্টুন ও বুক ইলাস্ট্রেশন শুরু করি তখন ইন্টারনেট ছিলো না। এটা আরেক অর্থে ভয়ানক দুর্ভাগ্যও বটে, কারণ আমার শিখতে হয়েছে অনেক কষ্ট করে। রেফারেন্স বই নাই, ভিডিও টিউটোরিয়াল নাই, তার চেয়ে বড় কথা দুই তিন দিনে একেবারে বেসিক এনাটমি বা লাইট এন্ড শেড বুঝিয়ে দেবে এমন কোন কাছের বড়ো ভাই নাই। আমি আঁকা শুরু করি ট্রেসিং পেপারে ড্রাফটিং পেন দিয়ে। সেটা সাধারণত ক্যামেরা প্রজেকশন করে ছবি তোলা হত, তারপরে যেত পেস্টিং রুম এ। এখন যারা আঁকা শুরু করেছেন তারা হয়ত এটা কতটা দীর্ঘ প্রক্রিয়া সেটা বুঝবেন না। 

আমি তাহলে কেন নিজেকে সৌভাগ্যবান কেন বলছি? কারণ যখন আমি শেখা শুরু করি আমি তখন নিজের জন্যেই শিখতে থাকি। সেটা হুট করে কোথাও 'আপ' করে কে কী ভাবলো বা বলল সেটা জানার উপায় ছিলো না, তাই সেটা নিয়ে মাথাও ঘামানো হত না। কিন্তু আমি এই সময়ে শুরু করলে অবধারিতভাবেই হয়ত আমার একটা বড় উদ্দেশ্য হত কিছু একটা এঁকে কোন সোশাল মিডিয়াতে তুলে কে কয়টা লাইক দিলো বা কতটা ভাল বল্ল সেটা দেখা। এর ফলে আসল কাজে মনোযোগ কমে যাবার কথা।

বেশ কিছু তরুণ আঁকিয়েদের দেখছি তারা নিজের জন্যে আঁকার চাইতে ফেইসবুক এর জন্যে আঁকতে বেশী আগ্রহী। এবং এর ফলে নিজেরা একটা ফাঁদে পড়ে যাচ্ছে তারা। সেটা হল- কোন জিনিসটা মানুষ বেশী 'খাবে'। কোন জিনিসটা আমি আঁকতে চাই সেটার বদলে যখন কোনটা ট্রেন্ডি বা কোনটা মানুষ বেশী 'লাইক' দেবে এটা ভেবে আঁকা শুরু করে কেউ, তখনই কিন্তু তার আঁকিয়ে সত্ত্বার মৃত্যু ঘটতে শুরু করে। দেখা যাবে এক সময় আমি কেন আঁকতাম, বা আমি আসলে কী আঁকতে চেয়েছিলাম সেটা সে নিজেই ভুলে যায়। এতে আর কারো সমস্যা হয় না, সমস্যা হয় সেই আর্টিস্টের নিজের। আমি দিব্যি দিয়ে বলতে পারছি না যে এই সময়ে আমি আঁকা শুরু করলে আমিও এই কাজ করতাম না। হয়ত সেই অনেক আগে যখন ইন্টারনেট এর মাধ্যমে তাৎক্ষণিক লাইক কামানোর যুগের আগে কাজ শুরু করায় আমি এর মধ্যে পড়িনি।

এই সংকট শুধু আর্টিস্টদের না, লেখকদের এই সমস্যা বরং আরো বেশি। কিছু একটা আঁকলে সেটা সময় নিয়ে এঁকে স্ক্যান করে বা ছবি তুলে পোস্ট করতে হয়। কিন্তু লিখতে গেলে শুধু নিজের মোবাইল বা পিসি থাকলেই চলে। অনেক দারুণ সম্ভাবনাময় লেখক যার হয়ত বেশ ভাল বড়ো কলেবরে কোন বই লেখার কথা ছিলো, হয়ত তার লেখার কথা ছিলো বিশ্লেষণধর্মী কোন রাজনৈতিক কলাম, তার এই মুহূর্তে পরিচয় হয়ে গেছে ফেইসবুক সেলিব্রেটি। এটা তার নিজের জন্যে বিধ্বংসী। কারণ প্রথমে তার লেখা ছোট হওয়া শুরু করবে, যাতে মানুষ ফেইসবুক স্ক্রল করতে করতেই সেটা পড়ে ফেলতে পারে, আর তারপরে দেখতে দেখতে লাইক এর প্রত্যাশায় তার নিজের ভাষার সাথে যায় না এমন কিছু স্ল্যাং সে লেখা শুরু করবে। দুঃখের ব্যাপার হল দিন শেষে এই ফেইসবুক কিন্তু কোন প্রকাশনা না, এটা অনেকটা ঘরোয়া আড্ডায় বলা কথাবার্তার মত। সেটা দশ বছর পরে কোন ডকুমেন্ট হিসেবে বিবেচনায় আসবে না। তাই যদি লিখতেই হয় সেটা যত ছোট পত্রিকা বা বইয়ের মধ্যেই হোক না কেন- সেখানে লেখাই ভাল। তার পরে চাইল সেটার কথা ফেইসবুক এ জানানো যেতে পারে।  (অথবা ব্যক্তিগত ব্লগে লিখে পরে শেয়ার করা ভাল, অন্তত লেখার কলেবর বাড়বে, যে পড়ার সে পড়বে, সবার সব পড়ার দরকারও নেই)

এই দুষ্টচক্র থেকে বের হওয়া সহজ না, কিন্তু যারা আসলে ভাল শিল্পী হতে চান বা ভাল লেখক হতে চান তাদের এই চক্র থেকে যে কোন ভাবে হোক বের হওয়া দরকার। নাইলে দশ বছর পর দেখবেন আপনি একটা খুবই অল্প সংখ্যক এবং একই রকম চিন্তার এক এক দল মানুষের জন্যেই কাজ করছেন, এর বাইরে আর কেউ আপনার চিন্তা ভাবনার কথা জানেই না, আপনার মতের সাথে একমত নয় এমন মানুষদেরকেও কিন্তু আপনার চাই, তারা আপনার ফ্রেন্ড লিস্ট এ নেই, আছে বাস্তব পৃথিবীতে। এই চক্র থেকে মুক্ত হবার কিছু দাওয়াই হতে পারে এমন - 
(আমি নিজে মহামানব নই, তাই আমি এইটুকু নিজে মেনে চলার চেষ্টা করি)-

১. আঁকা/ লেখার সময় ফেইসবুকের কে কী মন্তব্য করবে সেটা না ভেবে আপনার নিজের পাঠক বা দর্শক হিসেবে সেটা  কতটা ভালো লাগবে সেটা ভাবুন।

২. চেষ্টা করুন আধখেঁচড়া কোন কিছু করে ফেইসবুক এ না দিয়ে সম্পূর্ণ করে সেটা আগে কোন মূলধারার প্রকাশনায় দিতে। পত্রিকা বা বইয়ের ছাপা হওয়া অংশ পরে ফেইসবুক এ দিতে কোন সমস্যা নেই। 

৩. ফেইসবুকে অনেক অচেনা মানুষও বাজে- অর্থহীন মন্তব্য করবে, সব মন্তব্যের জবাব দেবার দরকার নেই, এমনকি কে কী বলছে সেটা কম দেখাই ভাল। নাইলে পরের বার আপনি মনে মনে না চাইলেও সেই সমালোচকের কথা ভেবে লেখা বা আঁকা সেন্সর করতে থাকবেন।

৪. কাজ ভাল করুন, মূলধারায় দিন। ভাল কাজ নিজেই সোশাল মিডিয়াতে চলে আসবে, আপনাকে পোস্ট করতে হবে না।

৫. শুধু নিজের  প্রচার না করে অন্যের ভাল কাজেরও করুন, যার কাজ আপনার ভাল লাগে। নিজের যে খবরটা আসলেই অনেক গুরুত্বপুর্ণ মনে হবে সেটা দেয়া যেতে পারে।

March 06, 2017

আমার পড়া ভাল বই-০১ঃ ভবঘুরে শাস্ত্র


আমাকে মাঝেই মাঝেই যেই প্রশ্নটা শুনতে হয় সেটা হল
- ভাই আইডিয়া কিভাবে পাব? অথবা,
-গল্প কিভাবে লিখব? 

আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। তবে আমি মনে করি মহা ট্যালেন্টেড হয়েও লাভ নেই যদি আপনি নিজে না পড়েন, বা না দেখেন। ধরা যাক আপনি দারুণ শক্তিশালী একটা কম্পিউটার এর মত। দুর্দান্ত প্রসেসর, টেরা টেরা স্টোরেজ, র‍্যাম এর তো কথাই নাই, গ্রাফিক্স ও সেই রকম। আমি বলতে পারি আপনি দারুণ ট্যালেন্টেড একটা কম্পিউটার- বা মানুষ। কিন্তু সেই কম্পিউটার এ যদি কোন সফটওয়ার ই না ইন্সটল করি? যদি কোন ডেটাই না থাকে? তবে আপনি কী প্রসেস করবেন? কাজই বা কী করবেন? তার মানে আপনার কাজ করার জন্যে দরকার উপাদান। সফটওয়ার লাগবে, লাগবে ডেটা। সেই ডেটা প্রসেস করে ভাল গ্রাফিক্স এর পর সেটা আপনি পুর্নাঙ্গ একটা কাজ আকারে শেষ করবেন।  মানুষের ক্ষেত্রে সমস্যাটা হল সে কোন কম্পিউটার না যে কয়েকটা সিডি বা পেন ড্রাইভ থেকে কিছু জিনিস কপি পেস্ট করে ভরে দিলাম, আর সে সব বুঝে গেল। তার বুঝতে হয় নিজের চারিদিক থেকে দেখে দেখে, শুনে শুনে। তবে কেউ যদি সারাজীবন তার আশপাশ থেকে সব দেখে ফেলে বা শুনে ফেলে তারপরেও কিন্তু বিশাল যেই মানব সভ্যতার ইতিহাস তার কিছুই তার জানা হবে না। এই সমস্যার একটা দারুণ সমাধান হল বই। যে বই চাইলেই হাজার বছর আগের একটা মানুষ বা একদল মানুষ কী ভাবতো তা জানিয়ে দিতে পারে।

বই এর এখনো কোন বিকল্প মানুষ তৈরী করতে পারে নি। যতই ভিডিও দেখি, গান শুনি, আলোচনা করি, বইয়ের একটা আলাদা জায়গা থেকেই যাচ্ছে। যেখানে লেখকের আর পাঠকের মধ্যে আর কারো আনাগোনা নেই।  তাই আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে- এমনকি কার্টুনের ক্ষেত্রেও, যে কিভাবে আইডিয়া পাব, আমার একমাত্র উত্তর হয়- বই পড়া। এর পরেই যেই প্রশ্নটা আসে সেটা হল কী বই পড়ব? আসলে এটা বলা কঠিন। যে যেই জিননিসটা সম্পর্কে জানতে বা বুঝতে চায় তাকে সেই ধরনের বই পড়তে হবে। আর শুধুমাত্র আনন্দের জন্যে পড়াও অনেক জরুরী। তারপরেও আমার পড়া বেশ কিছু দারুণ বই ধীরে ধীরে ছোটোখাট রিভিউ ধরনের করে তুলে দিতে চাচ্ছি। তার ফলে পরিচিত ইপরিচিত কেউ হয়ত উপকার পেতেও পারেন। 

আজকের প্রথম বই -
ভবঘুরে শাস্ত্র।
লেখক রাহুল সাংকৃত্যায়ন (সাংস্কৃত্যায়ন না, অনেক বড়ো লেখক ও এই নামটা ভুল লেখেন)। রাহুল সাহেব আমার অনেক প্রিয় লেখক। বাম মতাদর্শে বিশ্বাসী ও শেষ জীবনে শান্তিপ্রিয় বৌদ্ধধর্মে দিক্ষীত এই মানুষটার অগাধ পাণ্ডিত্য আর অধ্যাবসায় অমানুষিক। অসংখ্য বই নিয়ে তিনি কাজ করেছেন, নিজে লিখেছেন আরো অনেক। তাঁর এই বইটি আসলে কেন মানুষের ঘুরতে বেরিয়ে পড়া উচিত, এবং কেন সেটা যৌবন থাকতেই- তা নিয়ে লেখা। ভ্রমণের জন্যে রীতিমত গাইডবই এটা। আমি এই বই পড়ে মোহিত হয়ে ছিলাম। এবং সময় পেলেই আমার দেশের আনাচ কানাচ ঘুরে বেড়ানোর পিছনে এই বইটার একটা দারুণ ভূমিকা ছিলো। আমাদের ঘুরে বেড়ানোর অনেক দ্বিধা থাকে, অনেক আয়োজন করতে চাই, অনেক দুশ্চিন্তা থাকে। মনে হয় টাকা কই পাব? কোথায় থাকব? কিন্তু ইউরোপিয়ান ব্যাকপ্যাকার বা অন্যান্য দেশের অনেকেই এই সব চিন্তা না করে আগে ইচ্ছে হলেই বের হয়ে পড়ে। যারা ঘুরতে পছন্দ করেন তাদের তো কথাই নাই, আর যারা ঘোরাঘুরি নিয়ে দ্বিধায় থাকেন তাদের জন্যেও পরামর্শ দিচ্ছি বইটা পড়তে, খুবই ছোট বই। তবে খুব সাবধান, এই বই পড়লেই ইচ্ছে করবে একেবারে গৃহত্যাগী হয়ে যেতে। প্রাকৃতিক ভাবে মানুষ যে আসলে যাযাবর আর সেটা ভুলে যে সে ঘরের মধ্যে বসে হেঁদিয়ে যাচ্ছে এটা হঠাত মাথায় ঢুকলে আপদও আছে। 
বইটার ভাল দিক হল, এক বসাতেই পড়ে ফেলা যাবে। আর যে কোন বড় বইয়ের দোকানেই মেলার কথা রাহুল সাংকৃত্যায়নের আরো সব বইও বেশ কিছু প্রকাশনীতে পাবেন, খুঁজে না পেলে আমাকে এখানে জানান। আমার কাছে এনার সব বই ই আছে। বেশ কিছু কেনা হয়েছে রুক্কু-শাহ-ক্রিয়েটিভ-পাবলিশার্স থেকে।

এর পর এই লেখকেরই আরেকটা বই নিয়ে বলবঃ ভোলগা থেকে গঙ্গা। ধীরে ধীরে আমার পড়া সেরা বইয়ের তালিকা শেষ হলে কবে কী পড়ছি তা নিয়েও বলা যাবে। ভালো থাকুন সবাই।



March 02, 2017

উন্মাদ কমিক্সঃ উন্মাদ কভার


উন্মাদের মেগা কমিক্স (৭২ পৃষ্ঠা) হল এবারের বইমেলায়। প্রডাকশন আর ডিজাইন-ড্রয়িং করেছে ঢাকা কমিক্স। পুরোটা একেবারেই বাংলা পদ্ধতিতে নামানো হয়েছে। ক্যারেক্টার আর এক্সপ্রেশন আমার, থাম্বনেইল ও করে দিয়েছি, এর পরের কষ্টের পার্ট টুকু করেসে আসিফুর রহমান। বস খুশী, আমরাও খুশী।

বইমেলাতে প্রায় ৪০০ কপি বিক্রিহয়ে গেছে। উন্মাদের বোধ করি এটাই প্রথম হাই-এন্ড প্রডাকশন। আহসান ভাই বলেন পরের বার আরো কয়েকটা নামাতে হবে এমন। কমিক্সটা চাইলে দেখতে পারেন এখানে  ট্রাবল কমিক্স :D
ভাল কথা সেই কমিক্সের কভার দিয়েই আবার এবারের উন্মাদের কভার করে ফেলতে বলেছেন বস, তথাস্তু- বলে করা হল।

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...